স্টাফ রিপোর্টার

নলডাঙ্গায় মৎস্যসম্পদ রক্ষা ও মাদকের বিস্তার ঠেকাতে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দিনব্যাপী অভিযানে অবৈধ মাছ ধরার জাল ও বাঁধ উচ্ছেদের পাশাপাশি মাদক আইনে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই জেলেকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনভর উপজেলার পাটুল হালতি বিল ও মাধবপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পাটুল হালতি বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও সুতি জাল ব্যবহারের অপরাধে হাফিজুল ইসলাম ও এরশাদ আলীকে পৃথক দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৮টি চায়না দুয়ারী জাল, প্রায় ৩০০ ফুট সুতি জাল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা প্রায় ২০০ ফুট বাঁশের বাঁধ অপসারণ করা হয়।
অভিযানে জব্দ হওয়া প্রায় ৩০ কেজি মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
অন্যদিকে, মাধবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ শিহাবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের নিরাপত্তায় দায়িত্ব পালন করে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।

