
জেলা প্রতিনিধি.নাটোর
নাটোরের সিংড়ায় শিকারের পরপরই ৫০ বকপাখি জবাই করে হত্যার অপরাধে তিন পাখি শিকারির ২ মাস করে জেল ও দুই হাজার টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। আর এই পাখি হত্যা করে বস্তায় ভরে বিক্রির অপরাধে দুই সহযোগীকে ১২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ রাস্তায় অভিযান পরিচালনা করে এই দন্ডাদেশ দেন ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সংগঠনের সদস্যরা।
২ মাস করে জেল ও দুই হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো সাত দিনের জেল দন্ডপ্রাপ্ত তিনজন হলেন, পাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুরিয়া গ্রামের কাহার (১৯) ও একই গ্রামের লিটন (৩০)। এছাড়াও পারসিংড়া বেদেপল্লীর ভ্যানচালক আবু হানিফ (৪০) কে সাত হাজার ও বিল পাকুরিয়া গ্রামের হোসেন আলী (২১) পাঁচ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কয়েকদিন ধরে পাখি শিকারের পরপরই হত্যা করে বস্তা ভরে গোপনে বক পাখি পৌর শহরের পারসিংড়া বেদে পল্লীতে গোপনে বিক্রয় করছিল একটি চক্র। আর এই কাজে বেদেপল্লীর আবু হানিফ নামের এক প্রতিবন্ধী ভ্যান চালককে চক্রটি ব্যবহার করে আসছিল। সকালে ভ্যান চালক বাড়ি থেকে বের হলেই তার পিছু নেন উপজেলা প্রশাসন ও পরিবেশ কর্মীরা। পরে জবাইকৃত ৫০ টি বকপাখি শিকারিদের কাছ থেকে ওই ভ্যানগাড়িতে উঠানোর সময় তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, ২০১২ সাল থেকে তার সংগঠনের সদস্যরা বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাঁকডাকা ভোরে কাঁদামাটি মাড়িয়ে দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন এবং বিল পাড়ের মানুষদের সচেতন করছেন।

