
সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে নাটোরের লালপুর উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে।
লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠা দুই সাংবাদিক হলেন—এনটিভি অনলাইনের লালপুর-বাগাতিপাড়া প্রতিনিধি সজীবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড ছাত্রদল মেনে নেবে না। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে।
সাংবাদিক সজীবুল হৃদয় বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পক্ষের প্রতিপক্ষ নন। ঘটনার পর ছাত্রদল যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, তা ইতিবাচক। তবে ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে দায়িত্ব পালনকালে রাজনৈতিক বা অন্য কোনো পক্ষের হয়রানি কিংবা লাঞ্ছনার শিকার না হন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাশেদুল ইসলাম বলেন, ঘটনার দিন তারা সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। সে সময় তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় তিনি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করা তাদের অধিকার। সাংবাদিক লাঞ্ছনার মতো কোনো ঘটনা ছাত্রদলের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কর্মীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুগ্ম আহ্বায়ক আবু রায়হানও জানান, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকারকে ছাত্রদল সমর্থন করে। তদন্ত ও অভিযোগের ভিত্তিতে তিন কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় বিক্ষোভকারীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার একপর্যায়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে।
ঘটনার চার দিনের মাথায় তিন ছাত্রদল কর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হলো। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ কিছুটা প্রশমিত হলেও ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি রয়েছে সংশ্লিষ্টদের।
