স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ১০ হাজার ৭৫৭ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার সাহাবুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান ওরফে রনি (৩০), ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোড এলাকার খাইরুল ইসলামের ছেলে মো. আকরামুজ্জামান ওরফে মামুন (৩৪) এবং ফতে মোহাম্মদপুর কলেজ রোড এলাকার মনিরুজ্জামানের ছেলে মো. রবিন (২৩)।
পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া (কয়লার ডহর) এলাকার পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এসআই এস এম গোলাম মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, আটক তিনজন ঈশ্বরদী এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে লালপুরে প্রবেশ করেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। পরে সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

