
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইয়াবা সরবরাহের সময় দুই যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মো. নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার মো. আতিকুর রহমান আসিফ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা কদিমচিলান থেকে চাঁদপুর বাজারগামী সড়কের পুকুরপাড় ঘাটচিলান এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় কাচু মিস্ত্রির জমির পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক সরবরাহের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে।

