১৫ সেপ্টেম্বর ২০২৬ | রাত ৬:৫১:৪৪ মিনিট
নাটোরের বাগাতিপাড়ায় ‘কালো জাদু’ করার ভয় দেখিয়ে এক পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামে আকছেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন আকছেদ আলী।
অভিযোগে জানা যায়, দুই ব্যক্তি নিজেদের মাহফিলের লোক পরিচয় দিয়ে প্রথমে টাকা চান। পরে অসুস্থ সিহাব আলীকে দেখিয়ে ‘কালো জাদু’র ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের আতঙ্কিত করেন। একপর্যায়ে পানিতে স্বর্ণালংকার ডুবিয়ে দিতে বলেন। পরিবারের সদস্যরা একটি আংটি, চেইন ও এক জোড়া কানের দুল পানিতে ডুবিয়ে দিলে সুযোগ বুঝে সেগুলো নিয়ে তারা চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
আকছেদ আলীর দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় তিন লাখ টাকা। তার কাছে ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *