
নাটোরের বাগাতিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ছয়টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারের জাহান মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে জাহান মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি দয়ারামপুর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ছয়টি দোকানের মধ্যে রয়েছে মুদি দোকান, গো-খাদ্য ও ভূষির দোকান, ওষুধের দোকান, ছিট কাপড় ও দর্জির দোকান, জুতা-স্যান্ডেলের দোকান এবং কীটনাশকের গোডাউন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ডুমরাই মোল্লাপাড়ার মো. শাহ আলমের মুদি দোকানে প্রায় ৫ লাখ টাকা, হিজলী সোনাপুরের মো. আব্দুল হামিদের গো-খাদ্য ও ভূষির দোকানে প্রায় ২ লাখ টাকা এবং সোনাপুরের মো. আবু জাহান গিফারীর ওষুধের দোকানে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া ডুমরাই ঢাকাপাড়ার হাজী আব্দুস সাত্তারের ছিট কাপড় ও দর্জির দোকানে প্রায় ১ লাখ টাকা, দয়ারামপুর তালতলার মো. আশরাফুলের জুতা-স্যান্ডেলের দোকানে প্রায় ৩০ হাজার টাকা এবং হিজলী সোনাপুরের মো. সাইফুল ইসলামের কীটনাশকের গোডাউনে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সব মিলিয়ে ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফজলুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
