
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সভা।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে বড়াইগ্রাম থানা পুলিশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হাওড়ের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক—ডিআইজি আশিক সাঈদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার শরীফুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ এম লুৎফর রহমান, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
