
স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
জানা যায়, উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন মো. তাছের উদ্দিন নামে এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
