প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়ায় আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাসেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতরাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাসেদ (৩০) সিঙ্গাপুর শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে।
আজ দুপুরে নাটোরের পুলিশ সুপার শরিফুল হক এক প্রেস ব্রিফিং এ বলেন অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, রকেট ও মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতাউর রহমান রুমন পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়নের আশ্বাস দিতেন বলে অভিযোগ রয়েছে।
গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে বিকেল ৩টা ১১ মিনিটে সিংড়ায় নিজের বাড়ি থেকে ভুক্তভোগী মো. কাদের গনি চৌধুরীর ব্যবহৃত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে কল করে রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। একইভাবে ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছেও অর্থ দাবি করা হয় বলে জানান তিনি।
বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে সিংড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তি আগে সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান পদে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।