স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে বুলবুলি খাতুন (২৫) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুলবুলি খাতুন ও তার স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে তাদের চার বছর বয়সী মেয়ের সামনেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলি খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় বুলবুলি খাতুনকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
