
স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জন মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টায় সদর উপজেলার বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) ও আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়াতে বিদ্যুৎস্পষ্ট হয়ে তিন জন মারা গেছেন। খবর পেয়ে পুলিশের একটা টিম ঘটনাস্থলে উপস্থিত আছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
