
স্টাফ রিপোর্টার
পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল শুরুর আগমুহূর্তে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। মিছিল শুরুর প্রস্তুতির সময় আওয়ামী লীগ-সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সদস্যরা হামলা ও গুলি চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
আহতরা হলেন—সিজান খাঁ (২২), রিফাত (২৬), মাহিম (২৫), রিসাদ (২৬) ও রবিউল (১৭)। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

