
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ওই এলাকায় যান কনস্টেবল আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এএসআই আব্দুস সাত্তার হামলার সময় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। এতে ধারালো অস্ত্রের আঘাতে একজন কনস্টেবল নিহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছেন।
কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত করছে পুলিশ।

