কিশোরগঞ্জের মিঠামইনে মো. মোক্তার উদ্দিন (৬২) নামে সাবেক এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের নতুন চাঁনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোক্তার উদ্দিন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্বজনরা জানান, চাচাতো ভাই এনামুল হকের বাড়িতে কয়েক দিন ধরে রাতে ঘুমাতেন মোক্তার উদ্দিন। মঙ্গলবার রাতেও তিনি সেখানে ঘুমাতে যান। বুধবার ফজরের নামাজের সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
পরে তার স্ত্রী মাফুজা আক্তার কলি এনামুলের বসতঘরে গিয়ে গলায় দড়ি পেঁচানো অবস্থায় স্বামীকে ঝুলতে দেখেন। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে মরদেহ নামিয়ে আনেন।
নিহতের পরিবারের অভিযোগ, মোক্তার উদ্দিন আত্মহত্যা করেননি। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়ায় তাদের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কয়েক দিন আগে একটি এবতেদায়ি মাদ্রাসার জন্য নির্মিত ঘরে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও দাবি পরিবারের।
তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ জানান, ঘটনাটি তদন্তাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

