গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে লাগা আগুনে পাশের আরও ১২টি গোডাউন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ ঝুটসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, গোডাউনগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে প্রায় ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

