জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রায় নয় দিনের সফরে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফর সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াসহ আনুষঙ্গিক কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সফরসূচি এখনো ঘোষণা করা হয়নি।

 

সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নিতে পারেন তিনি।

 

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সময়ে দেশের সরকারপ্রধানের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউইয়র্কের পাশাপাশি প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা থাকলেও কর্মসূচিটি এখনো চূড়ান্ত হয়নি।

 

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সফরসূচি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর বৈঠক ও অন্যান্য কর্মসূচির বিস্তারিত জানা যাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *