আইফোনের মাসিক কিস্তি পরিশোধ করতে না পেরে আর্থিক চাপে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের দিল্লির এক নৃত্যশিল্পী। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওখলার বাসিন্দা দীপক কুমার গত কয়েক মাস ধরে আয় কমে যাওয়ায় আইফোনের ইএমআই পরিশোধ করতে পারছিলেন না। এতে তার ওপর মানসিক চাপ বাড়তে থাকে। পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক সংকট থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন।
দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জের ভোলা ঘাটে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। টহলরত পুলিশ সদস্যরা তাকে যমুনায় ঝাঁপ দিতে দেখে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। পরে পানি ও কাদার মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়।
দীপক পেশায় নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। পাশাপাশি তিনি মালির কাজও করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে পুলিশ। পরে স্ত্রী ও শ্যালকের সঙ্গে তিনি বাড়ি ফিরে যান।
একই দিনে মহারাষ্ট্রে আইফোনের ইএমআই নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিন সদস্য পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার ঘটনাও সামনে আসে। তবে ওই ঘটনার পেছনে আরও কিছু কারণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

