
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্ব বণ্টনের পরও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম বহাল থাকছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকতা পায়।
মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। এসব অভিজ্ঞতার কারণেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামা ওবায়েদ ইসলাম। নতুন দপ্তর বণ্টনের পরও তিনি একই পদে বহাল রয়েছেন। ফলে খলিলুর রহমানের নেতৃত্বে এখন শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির, দুই প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করায় কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে বলেন, ‘এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে তো অসুবিধা নেই।’
শুক্রবার মন্ত্রিসভার প্রথম বড় রদবদলে চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন চার মন্ত্রী হলেন- আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
