
নাটোর প্রতিনিধি:
পথে যাওয়ার সময় হঠাৎ ভেসে আসে কান্নার শব্দ। গাড়ি থামিয়ে নেমে পড়েন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জানতে পারেন, পানিতে ডুবে গেছে সাড়ে তিন বছরের এক শিশু। আর এক মুহূর্তও দেরি না করে শিশুটিকে তার নিরাপত্তা রক্ষীর গাড়িতে করে দ্রুত নিয়ে যান নাটোর সদর হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় শিশুটি।
মৃত শিশুটির নাম সাদিব। সে নাটোরের শাঁখারীপাড়া গ্রামের মুকুল হাসানের সাড়ে তিন বছরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বেলা একটার দিকে বাড়ি থেকে বের হয় সাদিব। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে বেলা দেড়টার দিকে বাড়ির পাশের বাঁশ ঝাড়সংলগ্ন একটি ডোবায় শিশুটির স্যান্ডেল ভাসতে দেখতে পান তারা। পরে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করা হয়।
জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তিনি নিজে গ্রামের বাড়ি রামসার গাজীপুর থেকে ফেরার পথে শাঁখারী পাড়া গ্রামে মুকুলের বাড়ির সামনে আসার পরে কান্নাকাটি শব্দ পান। এ সময় তিনি সেখানে নেমে জানতে পারেন শিশুটি পানি পড়ে পানিতে পড়ে যাওয়ার কথা। তিনি আর মুহূর্ত কালক্ষেপণ না করে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত নাটোর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে শিশুটির মৃত্যু হয়। সেখানে নাটোরের সিভিল সার্জনের উপস্থিতিতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে শিশুটিকে বাঁচাতে ব্যর্থ হন।
নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুব হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাঁখারী পাড়া গ্রাম সহ অনেকের ভিতরেই শোকের ছায়া নেমে আসে।
