লালপুরে আওয়ামী লীগের সাবেক দুই এমপি সহ ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে তিন মামলা
স্টাফ রিপোর্টার
লালপুরে আওয়ামী লীগের সাবেক দুই এমপি সহ ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে তিন মামলা
নাটোরের লালপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলা। সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এসব মামলা করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪১০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, তিনটি মামলার বাদী স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম আলী আরশের করা মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে। দুয়ারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের মামলায় ৯০ জনের নামের পাশাপাশি অজ্ঞাতনামা ১৩০ জন এবং দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সেলিম রেজার মামলায় ১০৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলাগুলোর উল্লেখযোগ্য আসামিদের তালিকায় রয়েছেন নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও শহিদুল ইসলাম বকুল। এ ছাড়া লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহসভাপতি মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নাম রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে জনসমর্থন তৈরি, সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা, সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড এবং জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন অভিযুক্তরা। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষ।
এদিকে, এর মাত্র ছয় দিন আগে, গত ১৩ নভেম্বর একই থানায় আরও একটি মামলা করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল। ওই মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
সব মিলিয়ে ১৩ ও ১৯ নভেম্বরের চারটি মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৩৩৬ জনের বিরুদ্ধে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনের বিরুদ্ধে।