দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৬৬ বিলিয়ন মার্কিন ডলার (৩৬ হাজার ৬৬৪.৪৬ মিলিয়ন ডলার)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১.৯৭ বিলিয়ন মার্কিন ডলার (৩১ হাজার ৯৬৬.২১ মিলিয়ন ডলার)।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে ১.৫৪২ বিলিয়ন মার্কিন ডলার (১৫৪ কোটি ২০ লাখ ডলার) রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৮০ শতাংশ বেশি।
এছাড়া, শুধুমাত্র ১৪ জুলাই একদিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৫ মিলিয়ন মার্কিন ডলার (১১ কোটি ৫০ লাখ ডলার) রেমিট্যান্স।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এর ফলে বৈদেশিক লেনদেন, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
