১৬ নভেম্বর ২০২৬ | রাত ৮:২০:১১ মিনিট

বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে বর্তমান সরকার ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ প্রায় ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। অন্যদিকে বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা।

তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে অর্থবছর শেষে ঋণ পরিশোধের প্রকৃত পরিমাণে পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) এবং জাতীয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগেই অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগে থেকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এসব খাতে অর্থ উত্তোলনের পরিমাণ কমবেশি হলে বছর শেষে ঋণ পরিশোধের মোট হিসাবেও পরিবর্তন আসতে পারে।

সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বৈদেশিক ঋণের বোঝা সহনীয় পর্যায়ে রাখতে সরকার নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে। বিদেশি ঋণে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রতিটি প্রকল্প ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। যাতে অপ্রয়োজনীয় কোনো প্রকল্পে নতুন করে বৈদেশিক ঋণ নেওয়া না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক ঋণে নেওয়া প্রকল্পগুলো যেন দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের লক্ষ্য এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি কঠিন শর্তের বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *