
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের জনগণ অতীতে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় একইভাবে ঐক্যবদ্ধ থাকবে। তিনি দাবি করেন, দেশের জনগণ আর কখনো ফ্যাসিবাদের পুনরুত্থান মেনে নেবে না।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর এবং একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় থেকে শেখ হাসিনার সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণের গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সেখান থেকে নতুন করে নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের চেষ্টা চলছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের স্বার্থে ভারত সরকার যেন শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় না দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা
