
জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় এক ছাত্রদল নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, “ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি।”
সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করে বলেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও ‘ফ্যাসিস্টদের’ বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না।
এর জবাবে পুলিশ সুপার বলেন এটি রাজনৈতিক মঞ্চ নয়। একটি রাষ্ট্রীয় বাহিনী সম্পর্কে এভাবে মন্তব্য করা ঠিক নয়। কোনো অভিযোগ থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে।
পরে আবার বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইসলাম মিঠু দাবি করেন, বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়ার পরও পুলিশ অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয় না। জবাবে পুলিশ সুপার বলেন, “যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বলে দিচ্ছেন। ৫ আগস্টের পর দেশে পুলিশ বাহিনী কার্যত ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে।
এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে আগের সময়ের লোকজন রয়েছেন। গত ১৭ বছরে অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র চার মাসে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়। সরকারকে সময় দিতে হবে।”
তিনি আরও বলেন দেশে বিচারপ্রক্রিয়া চলছে।
অনেক গুরুত্বপূর্ণ মামলায় বিচারিক কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমি নিজেও ঢাকায় দায়িত্ব পালনকালে অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি। তাই ধৈর্য ধরে অপেক্ষা করা প্রয়োজন।
অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
