স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে একদিনেই পৃথক দুই অভিযানে ডিজেল সরবরাহ ও পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলনের অভিযোগে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লালপুর থানার সামনে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভাই ভাই ওয়েল সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের সংরক্ষিত সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আনুমানিক ১৩০০ লিটার ডিজেল অবৈধ ইটভাটায় সরবরাহের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের অভিযোগে শাহিন (৩৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
বিষয়গুলো নিশ্চিত করে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক আবীর হোসেন জানান, অভিযানে লালপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর উপজেলা টিম সহযোগিতা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

