
ভোলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘিরে আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের সদর রোডের বাংলা স্কুল মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়ের সামনে বড় আকারের ওই ব্যানার দেখা যায়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে ব্যানারটি টানানো হয়েছে। তবে এটি ঠিক কখন এবং কারা সেখানে স্থাপন করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ব্যানারে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি লেখা রয়েছে ‘যত বারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।’
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এরপর প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিতে নিহতদের স্মরণ করা হতো।
তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ভোলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রকাশ্যে ২১ আগস্টের স্মরণে ব্যানার স্থাপনের ঘটনা সামনে এলো।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, ব্যানার টানানোর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
