ব্যালন ডি’অরটা এবারও পিএসজির ঘরেই থাকুক, এমনটাই চান উসমান দেম্বেলে। তবে নিজের হাতে গতবারের জেতা ট্রফিটা ধরে রাখার চেয়ে সতীর্থ খভিচা কাভারাস্কেলিয়াকে নিয়েই বেশি আশাবাদী তিনি। জর্জিয়ান এই ফরোয়ার্ডকে নিজের চোখে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন দেম্বেলে। অন্যদিকে কাভারাস্কেলিয়ার পছন্দ আবার দেম্বেলেই।
ব্যালন ডি’অর নিয়ে সম্প্রতি ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের কথা জানিয়েছেন দেম্বেলে। গতবারের বিজয়ী ফরাসি ফরোয়ার্ডের বিশ্বাস, এবারের পুরস্কারও পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই উঠবে। নিজের নাম আলোচনায় থাকলেও সতীর্থ কাভারাস্কেলিয়ার প্রতি আস্থার কথাই বেশি করে বলেছেন তিনি।
দেম্বেলের ভাষায়, ‘আমি আশা করি, একজন প্যারিসিয়ানই ব্যালন ডি’অর জিতবে। বিশেষ করে কাভারার কথা বলব। সে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে। আমার কাছে সে বিশ্বের সেরা খেলোয়াড়। ব্যালন ডি’অর তার প্রাপ্য।’
তবে দেম্বেলের পছন্দের তালিকায় শুধু কাভারাস্কেলিয়াই নন। হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপেকেও নিজের সেরা তিনে রেখেছেন তিনি। এ ছাড়া মাইকেল ওলিসে, লামিনে ইয়ামাল, ফাবিয়ান রুইজ ও উইলিয়ান পাচোর নামও উল্লেখ করেছেন পিএসজি তারকা। তবে নিজের নাম নিজেই ভোটের তালিকায় রাখতে চাননি দেম্বেলে।
গত মৌসুমে পিএসজির হয়ে কাভারাস্কেলিয়ার পারফরম্যান্সই দেম্বেলের এমন প্রশংসার বড় কারণ। ইউরোপীয় ফুটবলে জর্জিয়ান ফরোয়ার্ডের প্রভাব ছিল উল্লেখযোগ্য। চ্যাম্পিয়নস লিগে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে ১০ গোলের পাশাপাশি করেছেন ৬টি অ্যাসিস্ট।
দেম্বেলের প্রশংসার জবাবও দিয়েছেন কাভারাস্কেলিয়া। তার মতে, দলের জন্য দেম্বেলের নেতৃত্ব ও খেলার ধরনই তাকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার করে তুলেছে। কাভারাস্কেলিয়া বলেন, ‘আমি ওসের (দেম্বেলে) জন্য ভোট দিতাম। তার খেলার ধরন এবং দলকে যেভাবে সাহায্য করে, তা খুব গুরুত্বপূর্ণ। সে অসাধারণ। তাকে দলে পেয়ে আমরা সত্যিই খুশি।’