লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তের বাংলাদেশ অংশে ঢুকে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকদের ধাওয়ার মুখে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধানক্ষেতে কাজ করার সময় বাংলাদেশি কৃষক লিটন মিয়া (২৭)-এর সঙ্গে বিএসএফ সদস্যদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাকে মারধর করেন এবং ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন লিটন।
এ সময় আশপাশের কৃষকরা এগিয়ে এসে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান। কৃষকরা পরে উদ্ধার হওয়া সরঞ্জামগুলো বিজিবির বনচৌকি ক্যাম্পে জমা দেন।
ভুক্তভোগী কৃষক লিটন মিয়া বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে কাজ করার সময় বিএসএফ তাকে বাধা দেয়। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। পরে স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে এবং অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

