নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার সহদর জাহাঙ্গীর আলম (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায়ই গরুবাহী অবৈধ ভটভটি নিয়ে মহাসড়কে চলাচল করেন গরু ব্যবসায়ীরা। মহাসড়কে পুলিশের নজরদারি না থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *