
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা অভিযানে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৫৭টি চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল ধ্বংস এবং মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় মো. মিঠু মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রায় ৫৭টি চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা। পরে জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন রোধে ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
