দুই টেস্টের সিরিজ খেলছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাদের প্রথম টেস্ট ড্রতে নিষ্পত্তি হয়েছিল। ওই ম্যাচে দু’দিনেই আলোকস্বল্পতার জন্য ৩০ ওভার করেও খেলা হয়নি। এ ছাড়া দুই দলই নির্ধারিত ওভারের চেয়ে কম বল করেছে। ফলে স্লো ওভার রেটে বড় শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা। উভয় দলের পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি, হয়েছে জরিমানাও।
আজ (মঙ্গলবার) আইসিসি প্রকাশিত বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যেখানে বেশ বড়সড় শাস্তি পেয়েছে লঙ্কানরা। তাদের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এ ছাড়া নির্ধারিত সময়ের ভেতর ৫ ওভার কম করায় পাকিস্তানের ৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
পয়েন্ট কেটে নেওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ৭ থেকে ৮ নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। আগে চলমান চ্যাম্পিয়নশিপ চক্রে তাদের পয়েন্ট ছিল ৩৩.৩৩ শতাংশ, এখন সেটি কমে ১৫.৪৭ শতাংশে দাঁড়িয়েছে। পাকিস্তান স্রেফ ৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার তলানিতে (৯ম)।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘প্লেয়িং কন্ডিশন’ অনুযায়ী, নির্ধারিত ওভার রেটের চেয়ে একটি ওভার কম বল করার জন্য দলগুলোর পয়েন্ট থেকে এক পয়েন্ট করে কেটে নেওয়া হয়। শ্রীলঙ্কা নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১৫ ওভার পিছিয়ে ছিল, অন্যদিকে পাকিস্তান পিছিয়ে ছিল পাঁচ ওভার। ফলে দুই দল যথাক্রমে ১৫ ও ৫ পয়েন্ট হারিয়ে এর খেসারত দিয়েছে।