
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে মুরগির খামারের চারপাশে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া জিআই তারের বেড়ায় জড়িয়ে সিহাব আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খামারের চারপাশের জিআই তারের সঙ্গে জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিহাব আলী ভাটপাড়া গ্রামের মৃত ছফের প্রামানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শিয়াল, বেজিসহ বিভিন্ন প্রাণী এবং চোরের উপদ্রব ঠেকাতে মুরগির খামারের চারপাশে জিআই তার দিয়ে বেড়া দেওয়া হয়। পরে ওই তারে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার রাত প্রায় ১০টার দিকে বাড়ি থেকে বের হন সিহাব আলী। পরদিন সকালে খামার মালিক আসলাম হোসেনের ছেলে রায়হান বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গিয়ে জিআই তারের সঙ্গে জড়ানো অবস্থায় সিহাব আলীর মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সোহান আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

