
নাটোরের লালপুরে পুলিশের পৃথক অভিযানে প্রতারণা চক্রের দুই সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১২ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ১৩০ টাকা, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন—সোহেল রানা (১৯), রাজিব আলী (২৭), নাদিম মোস্তফা (৩১) ও নাহিদুল ইসলাম (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূরদুরিয়া ইউনিয়নের যোতগৌরি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই দিনে মাদকবিরোধী বিশেষ অভিযানে মোমিনপুর এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ১৩০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং যোগাযোগের কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়দের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

