কয়েক মাসের পরিশ্রম, বিনিয়োগ আর বুকভরা স্বপ্ন—সবকিছু যেন এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল কৃষক সজিব আলীর। পুকুরপাড়ে যত্ন করে গড়ে তোলা কলাবাগানে রাতের আঁধারে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। কেটে ও ভেঙে ফেলা হয়েছে প্রায় ১০০ থেকে ১৫০টি কলাগাছ। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
শনিবার (২১ নভেম্বর) সকালে নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, পুকুরপাড়জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য কাটা ও ভাঙা কলাগাছ। কোনোটি গোড়া থেকে কেটে ফেলা হয়েছে, আবার কোনোটি ভেঙে দেওয়া হয়েছে মাঝখান থেকে। যে বাগান ঘিরে কৃষকের চোখে ছিল ভালো ফলনের স্বপ্ন, সেখানে এখন শুধুই ধ্বংসের চিহ্ন।
ক্ষতিগ্রস্ত কৃষক সজিব আলী (৩২) ওই গ্রামের বাদশা আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নিজের পুকুরপাড়ে কলাগাছের আবাদ করে আসছিলেন তিনি। গাছগুলোর পরিচর্যা ও চাষাবাদে ব্যয় করেছেন অর্থ ও শ্রম। গাছগুলো যখন ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠছিল, ঠিক তখনই দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে সজিব আলী বলেন, ‘অনেক কষ্ট করে পুকুরপাড়ে কলাগাছগুলো লাগিয়েছিলাম। পেছনে অনেক টাকা খরচ হয়েছে। গাছগুলো বড় হয়েছিল, আশা ছিল ভালো ফলন পাব। কিন্তু রাতের আঁধারে সব শেষ করে দিয়েছে। এখন আমি প্রায় নিঃস্ব। কারও সঙ্গে পূর্বশত্রুতা থেকে এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে আমার ধারণা। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
ভুক্তভোগীর দাবি, কলাগাছ কেটে ও ভেঙে দেওয়ায় তাঁর আনুমানিক এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়বে।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এখনো পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।