স্টাফ রিপোর্টার 
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যুবসমাজই পারে একটি দেশের উন্নয়ন ও পরিবর্তন ঘটাতে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। বেকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়। যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও পরিবর্তনে যুবসমাজ সামনে থেকে ভূমিকা রেখেছে। তরুণদের এই শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মাহবুব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা।
আলোচনা সভা শেষে সাতজন যুবকের মধ্যে মোট ৮ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পরে গাছের চারা রোপণ করা হয়।
