

সংবাদ শৈলী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে ভারতীয় গাঁজাবাহী একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। পরে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা গাঁজা জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কালো মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যান। পরে পানিতে ভাসতে থাকা গাঁজার প্যাকেট দেখে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।