চেলসির সহ-মালিক টড বোয়েলি ও মার্ক ওয়াল্টারের হাতে থাকা সংখ্যালঘু শেয়ার কিনে ক্লাবটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ক্লিয়ারলেক ক্যাপিটাল গ্রুপ। এর মধ্য দিয়ে চেলসির মালিকানা থেকে বিদায় নিচ্ছেন মার্কিন ধনকুবের বোয়েলি, যিনি রোমান আব্রামোভিচ পরবর্তী অধ্যায়ে ক্লাবটির চেয়ারম্যান হিসেবে সরাসরি নেতৃত্বে ছিলেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মালিকানা হস্তান্তরের এই চুক্তির মূল্য প্রায় ৯৫০ মিলিয়ন পাউন্ড হতে পারে। ক্লিয়ারলেকের সঙ্গে এই চুক্তিতে অংশ নিচ্ছেন ক্লাবটির আরেক সংখ্যালঘু মালিক সুইস ধনকুবের হান্সইয়র্গ ভিস। বোয়েলি ও ওয়াল্টারের শেয়ার মিলিয়ে ক্লাবের প্রায় এক-চতুর্থাংশ মালিকানা তাদের হাতে রয়েছে।
ক্লিয়ারলেকের সহপ্রতিষ্ঠাতা বেহদাদ এগবালি ও হোসে ই. ফেলিসিয়ানো। ২০২২ সাল থেকেই ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা তাদের হাতে। এবার সংখ্যালঘু শেয়ারগুলো কিনে পুরো নিয়ন্ত্রণ নিচ্ছেন তারা।
চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাব বর্তমানে যে কৌশলগত পথে এগোচ্ছে, সেটি আরও এগিয়ে নেওয়া এবং মালিকানা গোষ্ঠীর তৈরি করা উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই ক্লিয়ারলেকের লক্ষ্য। ক্লাবের দৈনন্দিন কার্যক্রম, নেতৃত্ব বা কৌশলে কোনো পরিবর্তন হবে না।’
চেলসির বর্তমান মালিকানা গোষ্ঠী ২০২২ সালের মে মাসে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের কাছ থেকে ক্লাবটি কিনেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই চুক্তির মূল্য ছিল ৪.২৫ বিলিয়ন পাউন্ড।
বোয়েলির বিদায় নিয়ে এগবালি ও ফেলিসিয়ানো বলেছেন, ‘চেলসির মালিকানার পুরো সময়জুড়ে টড গুরুত্বপূর্ণ একজন অংশীদার ছিলেন। চেয়ারম্যান হিসেবে তার সময় ও অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। চেলসির গল্প ও পরিবারের অংশ হিসেবেই তিনি সবসময় থাকবেন।’