লালপুরে হাত পা বেঁধে অটোভ্যান ছিনতাই -- জনতার হাতে আটক ৩ ছিনতাইকারী #ছবি সংগৃহিত
লালপুরে হাত পা বেঁধে অটোভ্যান ছিনতাই — জনতার হাতে আটক ৩ ছিনতাইকারী
স্টাফ রিপোর্টার
লালপুরে হাত পা বেঁধে অটোভ্যান ছিনতাই — জনতার হাতে আটক ৩ ছিনতাইকারী #ছবি সংগৃহিত
নাটোরের লালপুরে ধারালো অস্ত্র প্রদর্শন করে চালক সিদ্দিক মালিথা ও যাত্রী আবু তাহেরকে হাত পা বেঁধে রেখে ভ্যান ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ ভোর সাড়ে তিনটার সময় উপজেলার কদিমচিলান ইউনিয়নের ঈশ্বরদী বনপাড়া সড়কের পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন পাশ্ববর্তী বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মাহাতাব মন্ডলের ছেলে আতাউর মন্ডল, আশরাফপুর গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে সুনীল কুমার দাস ও লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত জাকাত মন্ডলের ছেলে সেন্টু আলী। এ বিষয়ে ভুক্তভোগী ভ্যানচালক সিদ্দিক মালিথা বলেন, ভোরে বনপাড়া বাইপাসে যাত্রী নিয়ে যাওয়ার সময় পুকুরপাড়া ফাঁকা মাঠে পথরোধ করে চারজন ছিনতাইকারী । তারা ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে চালক যাত্রীকে পাশের মকবুল হোসেনের খেজুর বাগানে নিয়ে গিয়ে যায়। এসময় তাদের হাত -পা বেঁধে রেখে ভ্যান ও যাত্রীর মোবাইল টাকা পয়সা নিয়ে নেয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনতা তিনজন ছিনতাইকারী কে ধারালো অস্ত্র সহ আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। একজন লালপুর চিকিৎসাধীন অবস্থায় আছে ও অপর আসামিকে আটকের চেষ্টা চলছে।