
নাটোরের লালপুর উপজেলায় এক স্কুলছাত্রী (ছদ্মনাম জুই) নিখোঁজ হয়েছেন। ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় ওই স্কুলছাত্রী। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ার পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
গুঞ্জনের জেরে অভিযুক্ত এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু উত্তেজিত ব্যক্তি ওই শিক্ষককে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে নিখোঁজ ছাত্রীর সন্ধান নিশ্চিত করুক এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুক। অন্যথায় গুজব ও উত্তেজনা আরো বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
