
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুর উপজেলায় একসঙ্গে তিনটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আসিয়া আক্তার সুরাইয়া (২৫) নামে এক গৃহবধূ।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত মুক্তার জেনারেল হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে (অস্ত্রোপচার ছাড়াই) তিনি এই তিন নবজাতকের জন্ম দেন। আসিয়া বিরোপাড়া গ্রামের বাসিন্দা মো. রাজু হোসেনের স্ত্রী।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরের দিকে প্রসববেদনা শুরু হলে স্বামী রাজু হোসেন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে একে একে তিনটি ছেলে সন্তানের জন্ম হয়। এর আগে দম্পতির ঘরে আড়াই বছর বয়সী রাব্বি নামে আরও একটি ছেলে রয়েছে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন।
একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হলেও আর্থিক দিক থেকে নতুন করে চিন্তায় পড়েছে পরিবারটি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় চার সন্তানের ভরণপোষণ ও লালন-পালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাবা রাজু হোসেন।
তিনি বলেন, তিনটি ছেলে সন্তানের বাবা হতে পেরে তিনি আনন্দিত। আগে থেকেই চিকিৎসকদের মাধ্যমে বিষয়টি জানতেন। তবে চার সন্তানকে সঠিকভাবে বড় করে তোলা এবং সংসারের খরচ চালানো নিয়ে তিনি কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন।
হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন জানান, মা ও তিন নবজাতক বর্তমানে সুস্থ আছেন। তবে যমজ হওয়ায় শিশুদের ওজন তুলনামূলক কম। এ কারণে তাদের কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

