
স্টাফ রিপোর্টার
নাটোর শহরের মিরপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে সিয়াম হোসেন (৭) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে মিরপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।মৃত সিয়াম মীরপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে প্রচণ্ড গরমে পাড়ার অন্যান্য শিশুদের সাথে মিরপাড়া মসজিদের পুকুরে গোসল করতে নামে সিয়াম। সাঁতার না জানার কারণে গোসলের একপর্যায়ে সে সবার অলক্ষ্যে গভীর পানিতে তলিয়ে যায়। তার সাথে থাকা বাকি শিশুরা সিয়ামকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয়রা পুকুরে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সিয়ামকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় আরেক শিশুকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নাটোর থানার ওসি মুনছুর রহমান ঘটনার সত্যথা নিশ্চিত করেছেন।

