নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিল চিলিডাঙ্গার খালে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ চায়না রিং জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার সকালে পরিচালিত এ অভিযানে খাল থেকে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধ অপসারণ করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চায়না রিং জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন এবং সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুফাসসির হোসেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।