ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করাকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আজ বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীন স্বাক্ষরিত এক ব্যাখ্যায় এসব কথা জানানো হয়।
ব্যাখ্যায় বলা হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় আগের দিনের বক্তব্যের জন্য গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি তার অনানুষ্ঠানিক বক্তব্যগুলো প্রত্যাহার করেন।
মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যে সরকারি উন্নয়নকাজের মান বজায় রাখা, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করা এবং ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থাকার নির্দেশনা ছিল। পাশাপাশি সরকারি ক্রয়বিধি ও আইন কঠোরভাবে অনুসরণের কথাও বলেন তিনি।
ব্যাখ্যায় আরও বলা হয়, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে প্রকৌশলীদের সঙ্গে তার অনানুষ্ঠানিক আলাপের কিছু অংশ গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে তার বক্তব্যকে ‘উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা’ বলাও অসত্য ও বিভ্রান্তিকর। মন্ত্রণালয়ের দাবি, এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।
বিবৃতিতে বলা হয়, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি বন্ধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
