১১ নভেম্বর ২০২৬ | রাত ৮:৫৬:৫১ মিনিট
 শিক্ষা সফরের নামে ভারত থেকে এসে সভা করেন সাবেকএমপি রনজিত #ছবি- সংগৃহিত শিক্ষা সফরের নামে ভারত থেকে এসে সভা করেন সাবেকএমপি রনজিত 
 শিক্ষা সফরের নামে ভারত থেকে এসে সভা করেন সাবেকএমপি রনজিত #ছবি- সংগৃহিত
শিক্ষা সফরের নামে ভারত থেকে এসে সভা করেন সাবেকএমপি রনজিত

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সিলেটের রাতারগুলে একটি ইকো রিসোর্টে শিক্ষা সফরের আড়ালে রাজনৈতিক সভা করেছেন সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রনজিত চন্দ্র সরকার। ১৭৫ জনের শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হলেও সেখানে উপস্থিত হয়ে কয়েক মিনিট বক্তব্য দেন তিনি। পুলিশ বলছে, সভাস্থল ও আয়োজনের নেপথ্যের তথ্য ইতিমধ্যে তাদের হাতে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, সিলেট নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় অবস্থিত ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ ওই সভার আয়োজন করা হয়। শিক্ষা সফরের ব্যানার টাঙিয়ে অনুষ্ঠান শুরু হলেও পরে সেখানে রনজিত চন্দ্র সরকার উপস্থিত হয়ে বক্তব্য দেন।

সভাস্থলের সন্ধান পেতে পুলিশ প্রথমে রনজিতের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া আওয়ামী লীগ নেতা তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জিজ্ঞাসাবাদে তারা মিয়া রাতারগুলের রিসোর্টটির কথা জানান। পরে জেলা পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে সেখানে যায় এবং সভার আয়োজনের বিষয়টি নিশ্চিত করে।

রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফের ভাষ্য অনুযায়ী, গত বুধবার অ্যাডভোকেট রুকনসহ দুজন রিসোর্টটি দেখতে যান এবং ভাড়া নেওয়ার বিষয়ে আলোচনা করেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে বুকিং চূড়ান্ত করা হয়। ১৭৫ জনের শিক্ষা সফরের জন্য মোট ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৫২ হাজার টাকা।

ব্যবস্থাপক জানান, গত ৮ নভেম্বর দুপুর অথবা বিকেল ৩টার দিকে দলটি রিসোর্টে প্রবেশ করে। লেকের সামনে ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরি, খুঁটি স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছিল। সব কার্যক্রম শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে অতিথিরা রিসোর্ট ছেড়ে যান।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে রনজিত সরকার উপস্থিত হয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান। রিসোর্টটির মালিক গোয়াইনঘাটের মহিষখলা এলাকার শাহ্ আলম সোহেল।

এদিকে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে সভায় দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন রনজিত চন্দ্র সরকার। ওই বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার গভীর রাতে সিলেট নগরের গোপালটিলায় তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রনজিতের বক্তব্য ঘিরে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এসব কর্মসূচি থেকে রনজিতের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, মঙ্গলবার রাতে নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিটে মিছিল ও সমাবেশ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ফ্যাসিস্ট আওয়ামী চক্রের ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়েছে বলে তারা উল্লেখ করেন।

অন্যদিকে, সভার ভিডিওতে রনজিতের পেছনে ব্যানার ধরে থাকতে দেখা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে খুঁজছে পুলিশ। তার বাড়ি জামালগঞ্জ উপজেলার লম্বাবাক এলাকায়। সেখানে গভীর রাতে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া, রাজনৈতিক নেতার উপস্থিতি এবং ভিডিও প্রকাশের পর একের পর এক প্রতিক্রিয়া—সব মিলিয়ে ঘটনাটি নিয়ে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *