৩১ অক্টোবর ২০২৬ | রাত ৮:২১:০২ মিনিট

স্টাফ রিপোর্টার

ছাত্রদল নেতা শাকিল হত্যা: রিমান্ড শেষে এমপিপুত্র #সংবাদ শৈলী
ছাত্রদল নেতা শাকিল হত্যা: রিমান্ড শেষে এমপিপুত্র #সংবাদ শৈলী

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তাকে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক সাদ্দাম হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, আদালত থেকে মঞ্জুর হওয়া তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন মোটরসাইকেলে থাকা দুই যুবক। শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় তারা। এসময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শাকিলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টায় তার মৃত্যু হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *