স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া নিয়ে একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে।
সংঘর্ষে বেশ কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত উত্তেজনা না থাকলেও দুই গ্রামের মধ্যে বিরোধের কারণে পরিস্থিতি নজরদারিতে রেখেছে পুলিশ।
স্থানীয়রা জানান, পাছলাড়ুয়া ও নতুনবস্তি এলাকায় জমি ও সরকারি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে এর আগে থেকেই বিরোধ চলে আসছিল। চলতি বছরের জুনে পাছলাড়ুয়া-নতুনবস্তি এলাকায় সরকারি খাল দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

