জানুয়ারির দলবদল সামনে রেখে কেভিন শাডেকে দলে ভেড়াতে আগ্রহী হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডের জার্মান ফরোয়ার্ডকে পেতে আর্সেনাল ও লিভারপুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে রুবেন আমোরিমের দল।
সংবাদ শৈলী
জানুয়ারির দলবদল সামনে রেখে কেভিন শাডেকে দলে ভেড়াতে আগ্রহী হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডের জার্মান ফরোয়ার্ডকে পেতে আর্সেনাল ও লিভারপুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে রুবেন আমোরিমের দল।
‘দ্য পিপলস পারসন’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্টফোর্ডে শাডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি মৌসুমের দারুণ শুরুর পর তাকে নতুন চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছে ব্রেন্টফোর্ড। তবে এখন পর্যন্ত সেই আলোচনার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
কটঅফসাইডের সাংবাদিক মার্ক ব্রুস জানিয়েছেন, জানুয়ারির দলবদলে শাডে হতে পারেন নজরকাড়া নাম। ব্রেন্টফোর্ড তাকে ধরে রাখতে চাইলেও চুক্তি নবায়ন না হলে পরিস্থিতি বদলে যেতে পারে।
২০২৮ সাল পর্যন্ত ব্রেন্টফোর্ডের সঙ্গে চুক্তি আছে ২৪ বছর বয়সী শাডের। তবে নতুন চুক্তি না হলে জানুয়ারিতে তার বাজারমূল্য নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের পেছনে শাডের গতি বড় কারণ হিসেবে কাজ করছে। আক্রমণের বাঁ প্রান্তে খেলতে পারার পাশাপাশি একাধিক পজিশনে মানিয়ে নেওয়ার সক্ষমতাও জার্মান ফরোয়ার্ডকে আকর্ষণীয় করে তুলেছে।
চলতি মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে ছয় ম্যাচে তিন গোল করেছেন শাডে। এর মধ্যে পাঁচ ম্যাচেই তিনি ছিলেন শুরুর একাদশে। ফ্রেইবুর্গের একাডেমি থেকে উঠে আসা শাডে ২০২৩ সালের জানুয়ারিতে ব্রেন্টফোর্ডে প্রথমে ধারে যোগ দেন। ছয় মাস পর তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তাকে স্থায়ীভাবে দলে নেয় ইংলিশ ক্লাবটি।