১৪ সেপ্টেম্বর ২০২৬ | রাত ৭:১৮:১৫ মিনিট

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। সোমবার (১৪ সেপ্টেম্বর)
বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সমাবর্তন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেন বলে নিশ্চিত করেছেন উপাচার্য।

জানা যায়, আগামী বছরের ১, ২ ও ৩ ফেব্রুয়ারির যেকোনো একদিন সমাবর্তনটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পঞ্চম সমাবর্তনের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে প্রত্যাশা ছিল। সমাবর্তন অনুষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।

এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের গ্রাজুয়েশনের সনদ আনুষ্ঠানিকভাবে প্রদানে প্রশাসনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের শিক্ষা জীবনের একটি কাঙ্খিত পাওয়া। আশা করি তা বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। এরপর দীর্ঘ বিরতির পর পঞ্চম সমাবর্তনের আয়োজনের উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *