
ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২০২৭ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসলিমা আরেফিন অথি দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের মডারেটর ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নবগঠিত কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাবরিনা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিথী খাতুন, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া খাতুন, অর্থ সম্পাদক মোসা: ইসমা খাতুন, যুগ্ম অর্থ সম্পাদক মারজাহান আক্তার তানিয়া।
এছাড়া দপ্তর সম্পাদক উম্মে মরিয়ম, প্রচার সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আর্দি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, বিতর্ক গবেষণা সম্পাদক রুনা লায়লা, অনুষ্ঠান সম্পাদক রিয়া আক্তার রুমা।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, ইসরাত জাহান, তাসনীম, সুমাইয়া নাজনীন, সুমাইয়া জাহান।
সংগঠনটির নবমনোনীত সাধারণ সম্পাদক তাসলিমা আরেফিন অথি বলেন, প্রথমেই আমি আমার হল ডিবেটিং সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধারণ সম্পাদক হিসেবে আমার মূল লক্ষ্য হবে সোসাইটিকে আরও সক্রিয়, সুসংগঠিত ও সদস্যবান্ধব করে তোলা। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে নতুন সদস্য থেকে শুরু করে অভিজ্ঞ সদস্য সবাই নিয়মিত অনুশীলন ও নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। বিশেষ করে নতুনদের প্রশিক্ষণ ও আত্মবিশ্বাস তৈরির পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চাই।
সভাপতি মুমতাহিনা রিনি বলেন, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি বরাবরই আমার একটি ইমোশনের জায়গা। ২০২২ সালে আপুদের হাত ধরে আমার যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় আজ আমি সেখানে সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনই চ্যালেঞ্জেরও বটে। আমি আমার দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে একটি জাতীয় পর্যায়ের প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে, যেন এখান থেকে দেশসেরা বিতার্কিক তৈরি হয়। সকলের কাছে দোয়া এবং পরামর্শ চাই, যেন আমি এই সংগঠনটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি।
